আদালতের নির্দেশে ১৭মাস পর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সত্তরকান্দা এলাকায় কবর থেকে সুমি আক্তার নামে এক গৃহবধূর মরদেহ উত্তোলন করা হয়েছে।
সোমবার (১৮ জানুয়ারি) দুপুরে ফের ময়নাতদন্তের জন্য ওই গৃহবধূর মরদেহ উত্তোলন করে পুলিশ।
পুলিশ জানায়, ৭ বছর আগে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি গ্রামের শহীদুল মোল্লার সঙ্গে বোয়ালমারী উপজেলার সত্তরকান্দা গ্রামের সৌদি প্রবাসী মোস্তফা কামালের মেয়ে সুমির বিয়ে হয়।
এরপর ২০১৪ সালের মাঝামাঝিতে তার শ্বশুর বাড়ির লোকজন জানায় সুমি বিষ পান করেছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ২০ আগস্ট মারা যান সুমি।
