খুলনায় কুকুর হত্যা করে মাংস দিয়ে তৈরি বিরিয়ানি বিক্রি করার অভিযোগে চার জনকে আটক করেছে পুলিশ। 

বুধবার বিকালে খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের পরিত্যক্ত একটি ভবন থেকে তাদের হাতেনাতে আটক করে স্থানীয়রা পুলিশে খবর দেয় বলে জানান খালিশপুর থানার ওসি মো. আনোয়ার হোসেন। 

আটকদের মধ্যে তিন জন কিশোর। তারা সবাই ওই পলিটেকনিক ইনস্টিটিউটের আশপাশের এলাকার বাসিন্দা। 

আটক অন্যজন হলেন খালিশপুরের বঙ্গবাসী মোড় এলাকার নর্থ জোনের হাবিবুর রহমানের ছেলে মো. আবু সাইদ (৩৭)। তিনিই এই মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে রাস্তার পাশে প্রায় এক মাস ধরে অল্প দামে বিক্রি করছিলেন। 

ওসি আনোয়ার বলেন, পরিত্যক্ত ভবনটি থেকে কয়েকদিন ধরে দুর্গন্ধ পাচ্ছিলেন স্থানীয়রা। বুধবার বিকালে একটি কুকুর নিয়ে ওই ভবনে চার জনকে ঢুকতে দেখে কয়েকজন স্থানীয় তাদের পিছু নেন। তারা গিয়ে দেখেন, কুকুরটিকে মেরে মাংস কাটার প্রস্তুতি চলছে। পরে তারা পুলিশে খবর দেন। 

ওসি আরও বলেন, ওই ভবন থেকে হাত-পা বাঁধা গলাকাটা একটি কুকুর এবং অনেকগুলো কুকুরের চামড়া ও হাড় উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে চার জনকে। 

“আটকরা জানিয়েছেন তারা প্রায় এক মাস ধরে কুকুরের মাংস দিয়ে বিরিয়ানির ব্যবসা করছিলেন। খালিশপুরের বঙ্গবাসী এলাকায় প্রতি প্লেট বিরিয়ানি মাত্র ৪০ টাকায় বিক্রি করতেন তারা।” 

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *