টেস্ট ক্যারিয়ারের প্রথম ত্রি-শতকের খুব কাছাকাছি চলে যাওয়া নিউজিল্যান্ডের ডানহাতি ব্যাটসম্যান রস টেইলর মাত্র ১০ রানের জন্য ত্রিপল সেঞ্চুরির দেখা পাননি। তবে, দেখা পেয়েছেন অনন্য সব রেকর্ডের। অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থের ওয়াকাতে ২৯০ রানের ঝলমলে একটি ইনিংস খেলেছেন টেইলর।
নিউজিল্যান্ডের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের মাইলফলক ছোঁয়া টেইলর ১১২ বছরের একটি রেকর্ড ভেঙে দিয়েছেন। অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের বিপক্ষে কোনো সফরকারী ক্রিকেটার হিসেবে ব্যক্তিগত ইনিংস সর্বোচ্চ রান করেছেন টেইলর।
১৯০৩ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে এসে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ২৮৭ রানের ইনিংস খেলেছিলেন ইংল্যান্ডের ব্যাটসম্যান রেজিনাল্ড টিপ ফস্টার। এতোদিন এটিই ছিল অস্ট্রেলিয়ার মাটিতে কোনো বিদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ রানের ইনিংসের রেকর্ড।
ফস্টারের ১১২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে দেওয়া টেইলর তার ২৯০ রানের ইনিংস সাজিয়েছেন ৩৭৪ বল মোকাবেলা করে ৪৩টি চারের সাহায্যে।
