সিরিয়ায় বিমান হামলায় শিশুসহ অন্ততপক্ষে ২৬ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। দেশটির উত্তর-পূর্বাঞ্চলে সম্ভবত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট এই হামলা চালিয়েছিল বলে দাবি করেছে একটি মানবাধিকার গোষ্ঠী। যুক্তরাজ্যভিত্তিক দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে বিবিসি বলছে, হাসাকা প্রদেশের আল-হাওয়ালের কাছে আল-খান গ্রামে এই হামলা চালানো হয়।
ইরাকে অবস্থানকারী একজন মার্কিন মুখপাত্র জানিয়েছেন, এই প্রতিবেদন খতিয়ে দেখা হচ্ছে। পৃথকভাবে সিরীয় সরকার জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় তিন সেনা নিহত হয়েছেন। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জোট বাহিনীর যুদ্ধবিমান থেকে দির আল-জউর প্রদেশে সেনাশিবিরে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এ ঘটনাকে সুস্পষ্ট আগ্রাসন বলে অভিহিত করেছে সিরীয় সরকার।
দির আল-জউর প্রদেশের অধিকাংশ এলাকা আইএস জঙ্গিদের দখলে রয়েছে। অবশ্য, মার্কিন সেনাবাহিনী জোর দিয়ে দাবি করেছে, সেনাশিবিরের কাছাকাছি এলাকায় জোট বাহিনী কোনো বিমান হামলা চালায়নি। এদিকে, হাসাকা প্রদেশে জোট বাহিনীর বিমান হামলায় বেসামরিক মানুষ নিহতের অভিযোগ গুরুত্বের সঙ্গে নেয়া হয়েছে বলে জানিয়েছেন ইরাকে অবস্থানকারী ওই মার্কিন মুখপাত্র। তিনি যোগ করেন, এই অভিযোগ সত্য হলে তা তদন্ত করে দেখা হবে এবং সেটি প্রকাশ করা হবে।
