একের পর এক সুপারহিট সিনেমা যোগ হচ্ছে তার খাতায়, ভক্তদের সীমাহীন ভালোবাসা আর শুভকামনাও রয়েছে সঙ্গে। তারপরও সালমান খান বলছেন, প্রতি মুহূর্ত ভয় আর শঙ্কায় কাটছে তার। আর এর কারণ মুম্বাইয়ের গাড়ি চাপা মামলা।

 সালমান বলেন, “মামলার রায় কি হবে, এটা নিয়ে খুব চিন্তিত আমি। যদি ৫ বছরের সাজা হয়, তা গড়াবে ১০-১৫ বছরে। এই চিন্তা এখন আমার বাবা-মাকে কুরেকুরে খাচ্ছে। মামলাটি এখন আর ম্যাজিস্ট্রেট আদালতে নেই, এখন এটি উচ্চ আদালতে গেছে। তাই রায় যাই হোক, আমাকে মেনে নিতে হবে।”

২০০২ সালে মুম্বাইয়ে গাড়ি চাপা মামলায় নিম্ন আদালতে হওয়া রায়ের বিরুদ্ধে সালমানের করা আপিলের শুনানি এখন চলছে উচ্চ আদালতে। চলতি বছরের মে মাসে সালমানকে দোষী সাব্যস্ত করে ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়।

হাইকোর্টে সবশেষ অধিবেশনে সালমানের আইনজীবী দাবী করেন, সালমানের গাড়ির নিচে চাপা পড়ে কারো মৃত্যু হয়নি। বরং গাড়িটি যন্ত্রের সাহায্যে তুলে আনার সময় ফসকে পড়ে যাওয়ায় এক ব্যক্তি মারা যান।

৪৯ বছর বয়সী এই অভিনেতা বলেন, “অনেকেই বলেন, আমার নামে এতগুলো মামলা আছে কিন্তু আমি হেসে খেলে বেড়াচ্ছি। ব্যাপারটা সেরকম নয়। আমি হয়তো সোনামের সঙ্গে প্রেমের অভিনয় করছি, জ্যাকলিনের সঙ্গে নাচছি, ‘বিগ বস’-এ কাজ করছি, সবাইকে হাসাচ্ছি—কিন্তু এতোসবের মাঝেও আমার মাথার উপর তলোয়ার ঝুলছে।”

আপাতত নিজের নতুন সিনেমা ‘প্রেম রাতান ধান পায়ো’র প্রচারে ব্যস্ত এই অভিনেতা। সুরাজ বারজাতিয়া পরিচালিত এই সিনেমাতে সালমানের বিপরীতে দেখা যাবে সোনাম কাপুরকে। সিনেমাটি মুক্তি পাবে ১২ নভেম্বর।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *