ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় ১৫ হাজার ডাস্টবিন স্থাপনের অঙ্গীকার করে সন্ধ্যা ৭টার পর সেগুলোতে ময়লা ফেলার আহ্বান জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। সব রাস্তায় এলইডি লাইট স্থাপন এবং ডিএসসিসি’র ২৭৫টি রাস্তার সংস্কার কাজ চলছে বলেও জানান তিনি।
রোববার (১৭ জানুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে পরিচ্ছন্নতা বর্ষ’২০১৬ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠানে এসব কথা জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে পরিচ্ছন্নতা কর্মসূচির এ অনুষ্ঠানের আয়োজন করে ডিএসসিসি।
পরিচ্ছন্নতা বর্ষ উপলক্ষে ডিএসসিসি’র বিভিন্ন এলাকায় ১৫ হাজার ডাস্টবিন দেওয়ার অঙ্গীকার করে মেয়র সাঈদ খোকন বলেন, আমরা প্রতিটি ওয়ার্ডে ২০০টি করে ডাস্টবিন দেবো। আপনারা সন্ধ্যা ৭টার পর ডাস্টবিনে ময়লা ফেলবেন, আমাদের কর্মীরা নিয়ে যাবেন।
এছাড়া ২১ ফেব্রুয়ারির মধ্যে ঢাবি, শাহবাগ এলাকার প্রতিটি রাস্তায় এলইডি লাইট স্থাপন করা হবে। পর্যায়ক্রমে সব রাস্তায় এলইডি লাইট দেওয়া হবে।
