হিন্দুকুশ পর্বতমালায় শক্তিশালী ভূমিকম্পে পাকিস্তান ও আফগানিস্তানে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৩৫ জনে। এর মধ্যে পাকিস্তানে অন্তত ২৩৫ জন এবং আফগানিস্তানে ৮২ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার আলজাজিরার খবরে এ তথ্য জানানো হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। ভূমিকম্পে আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে শত শত বাড়িঘর।
সোমবার বিকালে রিখটার স্কেলে ৭ দশমিক ৫ মাত্রার এ ভূমিকম্প হয়। কম্পন অনুভূত হয়েছে ভারত ও বাংলাদেশেও।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসছেন।
ভূমিকম্পে হতাহতের ঘটনায় বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শোক জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তান ও পাকিস্তানে হতাহতদের মধ্যে কোনো বাংলাদেশি নেই।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ দফতরের (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, বাংলাদেশ সময় ৩টা ৯ মিনিটে এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে ২৫০ কিলোমিটার উত্তর-পূর্বে হিন্দুকুশ অঞ্চলের ২১৩ দশমিক ৫ কিলোমিটার গভীরে। এটির স্থায়িত্ব ছিল প্রায় ৪০ সেকেন্ড। ওই এলাকার কাছেই পাকিস্তান ও তাজিকিস্তানের সীমান্ত।
