অষ্টম জাতীয় পে-স্কেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন গ্রেড নিয়ে সৃষ্ট সংকট নিরসনের দাবিতে শুরু হওয়া কর্মবিরতি অব্যাহত রেখেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকরা।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন ঘোষিত লাগাতার কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবারও (১২ জানুয়ারি) এ কর্মবিরতি পালন করছে রাবি ও রুয়েট শিক্ষক সমিতি।
শীতকালীন ছুটির কারণে রাবিতে ক্লাস বন্ধ রয়েছে। তবে কয়েকটি বিভাগে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কর্মবিরতির কারণে তা বন্ধ রয়েছে।
এছাড়া বিভিন্ন বিভাগে চালু থাকা সান্ধ্যকালীন কোর্সের কার্যক্রমও বন্ধ রয়েছে। তবে প্রশাসনিক জরুরি কিছু কার্যক্রম এবং ২০১৫-১৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া কর্মবিরতির আওতামুক্ত রয়েছে।
