রাজশাহীতে রবিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকাল পরিবহন ধর্মঘটের শুরু হয়েছে। এর ফলে রাজশাহী থেকে কোনো বাস-ট্রাক ছেড়ে যাচ্ছে না বা প্রবেশ করতে পারছে না। সড়কে অবৈধ যান চলাচল বন্ধের দাবিতে এ ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীদের দুর্ভোগ বেড়েছে। কেউ দূরের কোনো গন্তব্যে যেতে পারছেন না। এর আগে শনিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজশাহী শিরোইল বাস টার্মিনাল এলাকায় বিক্ষোভ মিছিল শেষে জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব আলী ধর্মঘটের ডাক দেন।

রাজশাহী বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মঞ্জুর রহমান পিটার বলেন, ”সড়কে অবৈধ যান চলাচলের ফলে বাস মালিক-শ্রমিকদের লোকসান গুনতে হচ্ছে। পাশাপাশি দুর্ঘটনাও বেড়েছে। এর প্রতিবাদে রবিবার সকাল ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত রাজশাহী জেলায় পরিবহন ধর্মঘট পালন করা হবে। এর পরও যদি প্রশাসন অবৈধ যানের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে গোটা বিভাগে ধর্মঘট ডাকা হবে। তবুও আমাদের দাবি আদায় করা হবে।” এদিকে বাস ধর্মঘটের কারণে আবারো রাজশাহীর যাত্রীদের ভোগান্তিতে পোহাতে হবে মনে করছেন সাধারণ সাধারণ যাত্রীরা।

সকালে রাজশাহী বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, কোনো বাস কোনো গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাচ্ছে না। অনেক যাত্রীরা না জেনে বিভিন্ন স্থানে যা্ওয়ার জন্য টার্মিনালে এসে বসে আছেন। কিন্তু বাস ছেড়ে না যাওয়ায় তারা অপেক্ষা করছিলেন। অনেকেই আবার বাড়িতে ফিরে যান।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *