রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকার দৌলতদিয়া-খুলনা মহাসড়কে বাসচাপায় ২ জন নিহত হয়েছেন। বুধবার রাত ৭টার দিকে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।
নিহতরা হলেন, গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের সরু বাকচর গ্রামের দারোগ আলীর ছেলে রিকশাচালক আবদুস সালাম (৪৭) ও যাত্রী একই ইউনিয়নের জুড়ান মোল্লার ছেলে নাজিমুদ্দিন (৪৫)।
আহত রিকশাযাত্রী জালিম খানকে (৬০) গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি সরু বাকচর গ্রামের ইয়াজউদ্দিনের ছেলে।
আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মোঃ নবি উল্লাহ জানান, গোয়ালন্দ বাজার থেকে রিকশাচালক আবদুস সালাম দুই যাত্রী নিয়ে সরু বাকচর গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। জমিদার ব্রিজ এলাকায় পৌঁছালে পেছন থেকে ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস রিকশাটিকে চাপা দিলে চালক আবদুস সালাম ও যাত্রী নাজিমুদ্দিন ঘটনাস্থলেই নিহত হয়।
অপর যাত্রী জালিম গুরুতর আহত হন। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।
