মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে গতকাল বুধবার গভীর রাতে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশ বলছে, তিনি অস্ত্রসহ ছয়টি মামলার সাজাপ্রাপ্ত আসামি। ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত ওই ব্যক্তির নাম সেন্টু ওরফে ‘পিচ্চি সেন্টু’। তাঁর বয়স আনুমানিক ৩৪ বছর।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেনের ভাষ্য, গতকাল বেলা তিনটার দিকে উপজেলার আবদুল্লাহপুর চৌরাস্তা থেকে পুলিশ সেন্টুকে গ্রেপ্তার করে। তাঁর দেওয়া তথ্য অনুসারে অস্ত্র উদ্ধারে দিবাগত রাত তিনটার দিকে পুলিশের একটি দল সেন্টুকে নিয়ে কাঁঠালিয়া ইউনিয়নের ঈদগাহ সংলগ্ন মাঠে যায়। সেখানে আগে থেকে ওত পেতে থাকা সেন্টুর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে সেন্টু গুলিবিদ্ধ হয়। সেখান থেকে একটি রিভলবার, দুটি তাজা গুলি, একটি চাইনিজ কুড়াল, দুটি রড ও দুটি ছোরা উদ্ধার করা হয়েছে।
আলমগীর হোসেন আরও বলেন, গুলিবিদ্ধ সেন্টুকে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। তাঁর লাশ মুন্সিগঞ্জ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় টঙ্গীবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. জসীম, কনস্টেবল দেলোয়ার ও মিজানুর রহমান আহত হয়েছেন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে।
