নতুন করে তিনমন্ত্রী ও এক প্রতিমন্ত্রী মঙ্গলবার (২ জানুয়ারি) রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করেছেন। আজ বুধবার (৩ জানুয়ারি) নতুন মন্ত্রীদের মাঝে মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করা হয়েছে। পাশাপাশি তিনমন্ত্রী ও একজন প্রতিমন্ত্রীর দফতর বদল করা হয়েছে।
বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দফতর বণ্টন ও অন্যদের দফতর বদল করে আদেশ জারি করা হয়েছে। এর আগে সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিং শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম দফতর বণ্টন ও দফতর বদলের তথ্য জানান।
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা নারায়ণ চন্দ্র চন্দকে ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। মন্ত্রিসভার নতুন সদস্য লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামালকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। আর ওই মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে থাকা সরকারের শরিক ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে দেওয়া হয়েছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়। তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বারকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
ডাক ও টেলিযোগাযোগ থেকে প্রতিমন্ত্রী তারানা হালিমকে সরিয়ে তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। আনিসুল ইসলাম মাহমুদকে পানিসম্পদ মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়া হয়েছে। তাকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। অপরদিকে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেয়া হয়েছে।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।
