রাজধানীর মতিঝিলে বিস্ফোরকদ্রব্যসহ শিবিরের ছয় নেতাকর্মীকে আটক করা হয়েছে। পুলিশ বলছে, তারা ঢাকায় বড় ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।
শুক্রবার (০৬ নভেম্বর) রাতে আটকের বিষয়টি জানান মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরমান আলী।
তিনি জানান, আজ (শুক্রবার) সন্ধ্যায় মতিঝিল ফকিরাপুল এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে ওই এলাকার একটি ভবন থেকে শিবিরের নেতাকর্মীদের হেফাজতে থাকা বিস্ফোরকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, আটক ছয়জনের নাম-ঠিকানাসহ বিভিন্ন তথ্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আটক শিবির সদস্যদের নাশকতার পরিকল্পনা ছিল বলেও জানান ওসি ফরমান আলী। তবে তিনি তৎক্ষণাৎ বিস্ফোরকদ্রব্যের পরিমাণ জানাতে পারেননি।
