শেষ বয়সে জেল না খাটার ভয়ে খালেদা জিয়া বিদেশে পালিয়ে গেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। তিনি বলেছেন, খালেদা জিয়া বিদেশ থেকে আসতে না চাইলেও তাঁকে ফিরিয়ে আনা হবে নূর হোসেনের মতো খালেদা জিয়া এবং তারেক রহমানকেও ফিরিয়ে আনার ইঙ্গিত দেন তিনি।
আজ রবিবার বিকেলে রাজধানীর ফার্মগেট মোড়ে ঢাকা মহানগর উত্তর যুবলীগের র্যালি পূর্ব সমাবেশে শেখ সেলিম এসব কথা বলেন। যুবলীগের ৪৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ র্যালি পূর্ব সমাবেশের আয়োজন করা হয়।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ করে শেখ সেলিম বলেন, খালেদা জিয়া মনে করেছেন, বাংলাদেশে আসবেন না। আপনাকে আনা হবে। পেট্রলবোমা দিয়ে ২০০ লোককে পুড়িয়ে হত্যা করেছেন। এ জন্য বাংলার মাটিতে বিচার হবে। লন্ডন থেকে এনে বিচার করা হবে। আপনারা দেখেছেন, ইতিমধ্যে তাঁর (খালেদা জিয়া) বিরুদ্ধে চার্জ গঠন করা হচ্ছে। শেষ বয়সে আর আর জেল খাটতে চান না, তাই তাড়াতাড়ি পালিয়ে গেছেন। সন্ত্রাসীদের স্থান বিদেশেও হবে না। আমরা একে একে সব সন্ত্রাসীদের ধরে আনব।
