টি২০ বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনাল ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ভারতের পরাজয়ের পর ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজধানী শ্রীনগরের একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এনডিটিভি বলছে, শুক্রবার ছাত্রদের মধ্যে সংঘর্ষের পর শ্রীনগর ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি বা এনআইটি বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয় একজন শিক্ষার্থী জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের কাছে ভারতের পরাজয়ের পর কাশ্মিরি ছাত্ররা তা উদযাপন শুরু করলে কাশ্মিরের বাইরে থেকে আসা ছাত্ররা খেপে যায়। আর এ থেকেই সংঘর্ষ শুরু হয়।
শনিবার সকালে ছাত্ররা প্রতিষ্ঠান প্রাঙ্গণে জড়ো হয়ে ওই ঘটনার প্রতিবাদের উদ্যোগ নিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশে খবর দেয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।
ক্যাম্পসে জড়ো হওয়া কয়েকশ ছাত্র পুলিশের দিকে পাথর নিক্ষেপ শুরু করলে পুলিশও লাঠিপেটা ও কাঁদুনে গ্যাস ছুঁড়ে পাল্টা জবাব দেয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ফায়াজ আহমদ মির এনডিটিভিকে বলেন, “পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে এবং বিশ্ববিদ্যালয় শিগগিরই খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে দেখা হচ্ছে।”
শিক্ষার্থীদের ছাত্রাবাস ছেড়ে যেতে বলেছে এনআইটি কর্তৃপক্ষ।
ড. মির জানান ‘শান্তি ফিরিয়ে আনার জন্য শিক্ষার্থীদের উপর চাপ প্রয়োগ করতে’ সিদ্ধান্তটি নেওয়া হয়েছে এবং এ সিদ্ধান্তটিও ‘পুনর্বিবেচনা’ করে দেখা হচ্ছে।
এনআইটিতে প্রায় আড়াই হাজার শিক্ষার্থী রয়েছে যাদের অধিকাংশই কাশ্মিরের বাইরের রাজ্যগুলো থেকে এসেছেন।
newssaradin.com/২ই এপ্রিল ২০১৬
