বিমান ছিনতাই নিয়ে নাটক চলছেই। ক্ষনে ক্ষনে পরিবর্তন হচ্ছে প্রতিমন্ত্রী , সচিব, পুলিশের বক্তব্য। আসনে শুরু থেকে দেখে নেই নাটক গুলো।
১. ক্রুকে অস্ত্রধারী বলল, আমি বিমান ছিনতাই করব, আমার কাছে পিস্তল ও বোমা আছে
বাংলাদেশ বিমানের নতুন উড়োজাহাজ ময়ূরপঙ্খী ১৪২ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে দুবাইয়ে রওনা দেয়। আজ রোববার বিকেল সাড়ে চারটায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। আকাশে ওড়ার পরপরই উড়োজাহাজটি ছিনতাইয়ের চেষ্টা করা হয়। পুরো কাজটি করেন অস্ত্রধারী এক ব্যক্তি।
বিমানটিতে থাকা একাধিক ক্রু ও যাত্রীর সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। উড়োজাহাজের ভেতরে যাত্রীদের আসনে থাকা এক ব্যক্তি উঠে ককপিটের দিকে আসেন। এ সময় ওই ব্যক্তি এক ক্রুর কাছে যান। কাছে গিয়ে তিনি ওই ক্রুকে ধাক্কা দেন এবং সঙ্গে সঙ্গে একটি পিস্তল ও বোমাসদৃশ একটি বস্তু বের করে বলেন, ‘আমি বিমানটি ছিনতাই করব। আমার কাছে পিস্তল ও বোমা আছে। ককপিট না খুললে আমি বিমান উড়িয়ে দেব।’ এর মধ্যে অন্য কেবিন ক্রুরা ককপিটে থাকা পাইলট ও সহকারী পাইলটকে গোপনে সাংকেতিক বার্তা দেন যে, উড়োজাহাজে অস্ত্রধারী আছে, উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা হচ্ছে। ঠিক এ সময় উড়োজাহাজটি চট্টগ্রাম ও ঢাকার মাঝামাঝি জায়গায় অবস্থান করছিল।
২. অস্ত্রধারী একজনকে বের করা হয়েছে
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রোববার বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টার খবর পাওয়া গেছে। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই উড়োজাহাজ থেকে একজন অস্ত্রধারীকে বের করে আনা হয়েছে।
ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেটি ঘিরে রাখেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেনাবাহিনী, পুলিশ, র্যাব, আর্মড পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উড়োজাহাজের ভেতরে তল্লাশি চালিয়ে ওই অস্ত্রধারীকে বের করে আনেন।
৩. কমান্ডো অভিযানে ছিনতাইকারী পরাভূত: আইএসপিআর
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় সেনা কমান্ডোদের অভিযানে ছিনতাইকারী পরাভূত হয়েছেন। আজ রোববার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
৪. আটক ব্যক্তির সঙ্গে বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটির প্রধান মফিজুর রহমান কথা বলে বিষয়টি সুরাহা করেছে, কোনো ক্ষয়ক্ষতি হয়নি
বিমানবাহিনীর জহুরুল হক ঘাঁটির প্রধান মফিজুর রহমান রাত আটটার দিকে বিমানবন্দরের সামনে সাংবাদিকদের বলেন, ২৫-২৬ বছর বয়সী অস্ত্রধারী একজনকে আটক করা হয়েছে। যাত্রী-ক্রু সবাই সুস্থ আছেন। আটক ব্যক্তির সঙ্গে তিনি নিজেই কথা বলে বিষয়টি সুরাহা করেছেন। কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ওই অস্ত্রধারীর দাবি-দাওয়া কী ছিল? এ বিষয়ে মফিজুর রহমানের কাছে জানতে চাইল তিনি সরাসরি উত্তর দেননি। তিনি বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আজকের এই ঘটনা মনিটরিং করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
৫. কমান্ডো অভিযানে আট মিনিটে বিমান ছিনতাইকারী নিহত, সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে
প্রায় তিন ঘণ্টার টান টান উত্তেজনার পর চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাই চেষ্টা ঘটনার অবসান হলো রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে। কমান্ডো অভিযানে উড়োজাহাজটিতে থাকা অস্ত্রধারী তরুণ নিহত হয়েছেন। ওই উড়োজাহাজ থেকে যাত্রী-ক্রুসহ সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
৬. অস্ত্রধারী কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে শুনেছেন এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান
বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান সাংবাদিকদের বলেছেন, বিমানের মধ্যে যাঁরা অস্ত্রধারীর (ছিনতাইয়ের চেষ্টাকারী) সঙ্গে কথা বলেছেন, তাঁরা বলেছেন ওই ব্যক্তিকে তাদের কিছুটা মানসিক ভারসাম্যহীন মনে হয়েছে।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ রোববার বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টার বিষয়ে রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এম নাইম এ কথা বলেন। ছিনতাইকারী প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন এ ব্যাপারে সাংবাদিকেরা জানতে চাইলে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান বলেন, ‘এই বিষয়টি পাইলট জানিয়েছেন। যাঁরা তার (ছিনতাই চেষ্টাকারী) সঙ্গে কথা বলেছেন, তাঁরা বলেছেন তাকে সাইকোলজিক্যালি একটু ইমব্যালেন্স মনে হয়েছে। আমরা এটা শুনেছি।’
৭. প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চেয়েছিলেন বিমান ছিনতাইকারী
বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকারী ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলতে চেয়েছিলেন। চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জের সামনে আজ রোববার রাতে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান চট্টগ্রাম সেনানিবাসের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান।
মেজর জেনারেল এস এম মতিউর রহমান বলেন, দুঃখজনক একটি ছিনতাইয়ের ঘটনা ছিল, এর অবসান হয়েছে। কমান্ডো বাহিনী আট মিনিটের মধ্যে অভিযানটি সম্পন্ন করে। অভিযানটি এত দ্রুত সময়ের মধ্যে সফলভাবে শেষ হয়েছে যে এর নামও দেওয়া যায়নি। ছিনতাইকারীর নাম মাহাদি। বয়স ২৫। তিনি বাংলাদেশের নাগরিক। তাঁর কাছে একটি পিস্তল ছিল। তাঁর দাবি ছিল, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিজের স্ত্রীর সঙ্গে কথা বলতে চান। তাঁকে কথা বলার সুযোগ করে দেওয়া হবে বলে অভিযানটি সফলভাবে শেষ হয়ে যায়।
৮. খেলনা পিস্তল নিয়েও এয়ারপোর্টের চেকিং মেশিন ফাঁকি দেওয়া সম্ভব নয় , তদন্ত করা হবে – সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান
সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম নাইম হাসান সাংবাদিকদদের বলেন, ‘আমরা তদন্ত করলে সবই চলে আসবে। আমরা তদন্ত করব। সিসিটিভি আছে, সেটি চেক করব। আমাদের মেশিনে সিসিটিভি আছে, সবগুলো চেক করব। কারণ, এই মেশিনের ভেতর দিয়ে যদি নেইল কাটার, খেলনা পিস্তল, ছুরি ধরা পড়তে পারে, তাহলে এগুলো ধরা হবে না—জিনিসটা খুব বিশ্বাসযোগ্য মনে হয় না। তদন্ত হোক তাহলে দেখা যাবে।’
সূত্র জানায়, আন্তর্জাতিক রুটের যাত্রীদের টার্মিনাল দিয়ে বিমানবন্দরে প্রবেশের সময় লাগেজ ও শরীর তল্লাশি করা হয়। ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করে সব শেষে আরও এক দফা তল্লাশি করা হয়। দ্বিতীয় দফা তল্লাশিটি নিখুঁতভাবে করানো হয়।
৯. অস্ত্রধারী তরুণের লাশ নিতে মর্গে আসেননি কেউ
বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইচেষ্টার ঘটনায় কমান্ডো অভিযানে নিহত অস্ত্রধারী তরুণের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রয়েছে। লাশ নিতে আজ সোমবার বেলা ১১টা পর্যন্ত তাঁর কোনো স্বজন মর্গে আসেননি। এই সময় পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি। অজ্ঞাতপরিচয় হিসেবে তরুণের লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠায় নগরের পতেঙ্গা থানার পুলিশ। পতেঙ্গা থানার কনস্টেবল শংকর নাথ প্রথম আলোকে বলেন, গতকাল দিবাগত রাত সাড়ে তিনটার দিকে লাশটি মর্গে পাঠানো হয়।
১০. নিহত ছিনতাইকারীর নাম র্যাবের অপরাধীদের তথ্যভান্ডারে
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ময়ূরপঙ্খী উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টাকালে কমান্ডো অভিযানে নিহত ব্যক্তির নাম-পরিচয় উদ্ধারের দাবি করেছে র্যাব। আজ সোমবার র্যাবের পাঠানো খুদে বার্তায় বলা হয়েছে, অপরাধীদের তথ্যভান্ডার অনুযায়ী ওই ব্যক্তির নাম মো. পলাশ আহমেদ।
র্যাব বলছে, গতকাল রোববারের কমান্ডো অভিযানে নিহত ওই যুবকের আঙুলের ছাপ র্যাব ক্রিমিনাল ডেটাবেইসের একজন অপরাধীর সঙ্গে মিলে যায়। সেখানে রক্ষিত তথ্য অনুযায়ী, তাঁর নাম মো. পলাশ আহমেদ। তাঁর বাবার নাম পিয়ার জাহান সরদার। নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের পিরিজপুরে তাঁর বাড়ি।
১১. চিত্রনায়িকা সিমলার স্বামী নিহত ছিনতাইকারী
সিমলা জানান, এক পরিচালকের জন্মদিনের অনুষ্ঠানে ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর পলাশের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়। এরপর গত বছরের ৩ মার্চ তাঁরা বিয়ে করেন। চার মাস আগে তিনি পলাশকে ডিভোর্সও দিয়েছেন।
বিবাহ বিচ্ছেদের কারণ সম্পর্কে সিমলা বলেন, সমস্যা ছিল বলেই ডিভোর্স করেছি। এর মধ্য মানসিক সমস্যাটা একটা মূল কারণ। পলাশকে তিনি কি হিসেবে চিনেন—এ প্রসঙ্গে শিমলা বলেন, আমি তাঁকে একজন প্রোডিউসার হিসেবে চিনি।
ওই ভিডিওতে সিমলা জানান, তিনি চট্টগ্রামের বিমান ছিনতাই চেষ্টা ও পলাশের নিহত হওয়ার ঘটনার সবই শুনেছেন। এ সময় তিনি প্রশ্ন রাখেন, এখন আমার কি করণীয়। যেহেতু তাঁর সঙ্গে আমার ডিভোর্স হয়ে গেছে।
১২. অস্ত্র নিয়ে উড়োজাহাজে যাওয়া সম্ভব না: প্রতিমন্ত্রী
বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেছেন, বিমানবন্দরে যে তল্লাশি ব্যবস্থা, তাতে অস্ত্র নিয়ে উড়োজাহাজে যাওয়া সম্ভব নয়। সোমবার ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বিমানবন্দরের তল্লাশি ব্যবস্থায় অস্ত্র নিয়ে গেলে তা দৃশ্যমান হয়। সবকিছু খতিয়ে দেখা হয়েছে। অস্ত্র নিয়ে যাওয়ার মতো কিছু পাওয়া যায়নি।
এরপর প্রতিমন্ত্রী বিমানবন্দরের তল্লাশি ব্যবস্থা কীভাবে কাজ করে, তা সাংবাদিকদের দেখান।
১৩. প্রতিমন্ত্রী বললেন অস্ত্রধারী, এজাহারে উল্লেখ করা হলো ‘অস্ত্রসদৃশ বস্তু’
বাংলাদেশ বিমানের ‘ময়ূরপঙ্খী’ উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টার ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। আজ সোমবার রাতে বেসামরিক বিমান চলাচল ও পরিবহন কর্তৃপক্ষ চট্টগ্রাম বিমানবন্দরের প্রযুক্তি সহকারী দেবব্রত সরকার নগরের পতেঙ্গা থানায় মামলাটি করেছেন। তবে মামলার এজাহার, বিমান প্রতিমন্ত্রীর বক্তব্য এবং একজন সাংসদের বক্তব্যে ভিন্নতা দেখা যায়। অভিযানসংশ্লিষ্ট কয়েকজনের বক্তব্যেও অস্ত্র ও গুলি নিয়ে ভিন্নতা পাওয়া যায়।
মামলার এজাহারে বলা হয়, কমান্ডো অভিযানে নিহত ব্যক্তির কাছে যাত্রী ও ক্রুরা ‘অস্ত্র ও বোমাসদৃশ বস্তু’ দেখেছেন। ওই ব্যক্তি দুটি পটকা-জাতীয় বস্তুর বিস্ফোরণ ঘটিয়েছেন। চট্টগ্রামের পুলিশ কমিশনার মাহাবুবর রহমান জানান, এজাহারে গুলিতে নিহত পলাশ আহমেদের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
১৪. ছিনতাইকারী যুবক বিমানে ‘পটকা ফাটিয়েছিলেন’
বিমান ছিনতাইয়ের চেষ্টাকারী যুবক গুলি ছুড়েছিলেন বলে যাত্রীদের মধ্য থেকে যে বক্তব্য এসেছে, তা আসলে পটকা জাতীয় কোনো বিস্ফোরকের শব্দ বলে দাবি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বিমান ছিনতাইচেষ্টার ঝড় তোলা এই ঘটনায় সোমবার রাতে বেবিচেকের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের প্রযুক্তি সহকারী দেবব্রত সরকার বাদী হয়ে চট্টগ্রামের পতেঙ্গা থানায় যে মামলাটি করেন, তাতে একথাই উল্লেখ করা হয়েছে।
