বিচারপতি অপসারণ ক্ষমতা সংসদের হাতে ন্যস্ত করে আনা সংবিধানের ষোড়শ সংশোধনী ‘অবৈধ’ ঘোষণার রায় বহাল রেখেছে সর্বোচ্চ আদালত।
হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি করে প্রধান বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন সাত বিচারকের আপিল বিভাগ সোমবার এই রায় দেয়।
‘সরকার বনাম অ্যাডভোকেট আসাদুজ্জামান সিদ্দিকী ও অন্যান্য’ শীর্ষক আলোচিত এই মামলা এদিন রায়ের জন্য আপিল বিভাগের কার্যতালিকায় ১ নম্বর ক্রমিকে ছিল। সে অনুযায়ী সকাল ৯টায় আদালত বসার পর প্রথমেই এই রায় হওয়ার কথা ছিল।
কিন্তু বিচারকরা এজলাসে আসেন প্রায় সোয়া এক ঘণ্টা দেরিতে। জনাকীর্ণ আদালত কক্ষে সকাল ১০টা ২৫ মিনিটে রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি।
হাই কোর্টের রায়ের কিছু পর্যবেক্ষণ এক্সপাঞ্জ (বাদ দিয়ে) করে রাষ্ট্রপক্ষের আপিল ‘সর্বসম্মতভাবে’ খারিজ করার রায় ঘোষণা করেন তিনি। রিটকারীপক্ষের আইনজীবী মনজিল মোরসেদ তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই রায়কে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করেন।
তিনি বলেন, “সর্বসম্মতিক্রমে আপিল খারিজ করে দিয়েছেন আদালত। আইনটি করে বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেওয়া হয়েছিল, সেটা বেআইনি, অকার্যকর ও বাতিল হয়ে গেল। সংসদ পঞ্চদশ যে সংশোধনী করেছিল, সেখানে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে প্রটেক্ট করা হয়েছিল, সেটাই বহাল থাকল।”
অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, “আমি অত্যন্ত হতাশ। আমাদের যে আশা ছিল, স্বপ্ন ছিল সংবিধানের মূল অনুচ্ছেদ ৯৬ তে ফিরে যাব, আজকে এই রায়ের ফলে সেটা আর হল না। আমি অত্যন্ত দুঃখ অনুভব করছি, হতাশ হয়েছি।”
