গাজীপুর সিটি করপোরেশনের পূবাইল থানাধীন উজিরপুরা সাতানীপাড়া এলাকায় বালু নদীতে অভিযান চালিয়ে নদীর তলদেশে রাখা বিপুল পরিমাণ মদ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ এপ্রিল) বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত পূবাইল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পূবাইল থানার সহকারী উপ-পরিদর্শক (এসআই) জামিল উদ্দিন রাশেদ জানান, পূবাইল থানাধীন উজিরপুরা সাতানীপাড়া এলাকায় বালু নদীতে নৌকায় করে দীর্ঘদিন ধরে মদ তৈরি করে আসছিলো মাদক ব্যবসায়ীদের একটি মহল। সেই মদ নৌকার উপরে আগুনে জ্বাল দেওয়া হতো। পরে কলসি ভর্তি করে পানির নীচে সংরক্ষণ করা হতো। নৌকায় করেই সেইসব মদ বিক্রিও করা হতো।

শনিবার অভিযানের সময় নদীর গভীরে পানির নিচ থেকে ৮০টি মাটির কলসি ভর্তি মদ উদ্ধার করা হয়। প্রতিটি কলসিতে প্রায় ৪০/৫০ লিটার করে মদ রয়েছে। এ সময় স্থানীয়রা মদ তৈরির ৪টি নৌকায় আগুন ধরিয়ে দেন।

এসআই জামিল উদ্দিন রাশেদ আরো জানান, বালু নদীর আরো ৫/৭টি জায়গায় এভাবে মদ তৈরি করে পানির নিচে রাখা হয়েছে। পর্যায়ক্রমে ওইসব জায়গায় অভিযান চালানো হবে।

অভিযানে কাউকে আটক করা না গেলেও মদ তৈরির চক্রে মনা, জোসনা, জুয়েল, সোহেল ও শাহজাহানসহ স্থানীয় অনেকেই জড়িত রয়েছে বলে জানতে পেরেছে পুলিশ।

newssaradin.com

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *