দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার একটি যাত্রীবাহী বাস খাড়া পাহাড়ি সড়ক থেকে ১০০ ফুট নিচের পাথুরে সৈকতে পড়ে গেলে এ প্রাণহানির ঘটনা ঘটে।
পেরুর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দুর্ঘটনার পর দুমড়ে মুচড়ে যাওয়া বাসটি থেকে ছয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
খবরে বলা হয়, রাজধানী লিমার উত্তরে পাসামায়ো এলাকার ওই সড়কটিকে পেরুর অন্যতম দুর্ঘটনাপ্রবণ রাস্তা হিসেবে বিবেচনা করা হয়। যেখানে দুর্ঘটনাটি ঘটেছে, সড়কের ওই অংশটিকে বলা হয় ‘কুরভা দেল দিয়াবলো’, বাংলায় এর অর্থ ‘শয়তানের বাঁক’।
পেরুর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মৃতদেহগুলো বাসের ভেতরে এবং পাথুরে সৈকতে পাওয়া গেছে। বাসটিতে মোট ৫৭ জন যাত্রী ছিলেন। পেরুর রাজধানী লিমার উত্তরে স্থানীয় সময় মঙ্গলবার ‘কুরভা দেল দিয়াবলো’ (শয়তানের মোড়) নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। লিমা থেকে ১৩০ কিলোমিটার দূরে হুয়াচো জেলায় যাচ্ছিলেন তারা।
পেরুর পরিবহন প্রধান ডিনো এসক্রুদো বলেন, অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ ঘটার কারণে বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং সড়ক থেকে নিচে পড়ে যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। একটি হেলিকপ্টারের সাহায্যে উদ্ধার অভিযান চালানো হচ্ছে বলে খবরে জানানো হয়েছে।
দেশটির প্রেসিডেন্ট পেদ্রো পাবলো কুচিনস্কি বলেছেন, এই দুর্ঘটনায় পুরো দেশ শোকাহত। এক বিবৃতিতে তিনি হতাহতদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
