ঢাকা থেকে নেপালের উদ্দেশে ছেড়ে যাওয়া বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার একটি উড়োজাহাজ কাঠমান্ডুতে বিধ্বস্ত হয়েছে। আজ সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি অনলাইন।
দুপুর ১২টা ৫১ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭১ জন আরোহী নিয়ে এটি ছেড়ে যায়। নেপালে পৌঁছানোর পর স্থানীয় সময় ২টা ২০ মিনিটে (বাংলাদেশ সময় ৩টা ৫ মিনিট) এটি বিধ্বস্ত হয়। তবে প্রাথমিকভাবে বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি। নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ ধারণা করছে, অবতরণের সময় যান্ত্রিক গোলযোগের কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
বিমানের ধ্বংসাবশেষ থেকে লাশ উদ্ধার করা হয়েছে। এক কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানায়, ‘আমরা ধ্বংসাবশেষ থেকে আহত নিহত ব্যক্তিদের বের করছি।’ এ ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সঠিক কতজন বাংলাদেশী ছিল এই বিমানে সঠিক তথ্য জানা যায়নি, সংখ্যাটা আনুমানিক ৩০ জন বাঙালী, ২৬ জন নেপালী , ১ জন চাইনীজ এবং ১ জন মালদ্বীপের। নিহতের সংখ্যা আনুমানিক ৫১ জন।
