পৌর নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নেওয়ার কথা জানিয়ে যেকোনো মূল্যে দলীয় নেতাদের মাঠে থাকার নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল শনিবার রাতে গুলশানে তাঁর রাজনৈতিক কার্যালয়ে দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব ও সাংগঠনিক সম্পাদকদের সঙ্গে এক বৈঠকে এ নির্দেশ দেন তিনি।
বৈঠকে খালেদা জিয়া জানিয়ে দিয়েছেন, জামায়াত যদি আজ রবিবারের মধ্যে তাদের প্রার্থী-তালিকা না দেয় তাহলে বিএনপির পক্ষ থেকে আর তাদের সঙ্গে কোনো সমঝোতার চেষ্টা করা হবে না। তারা নিজেদের মতো পৌর নির্বাচনে অংশ নেবে। দলের বৃহত্তর স্বার্থে বিদ্রোহী প্রার্থীদের আজকেই মনোনয়ন প্রত্যাহার করতেও নির্দেশ দেন দলীয় প্রধান। পরে তিনি পৌর নির্বাচনে দলীয় প্রার্থীদের জয়ী করে আনতে কেন্দ্রীয়ভাবে ১১টি টিম গঠন করে দিয়েছেন।
এসব টিম দলের হয়ে নির্বাচন পর্যবেক্ষণ, পরিচালনা ও নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত প্রার্থীদের সব ধরনের সহযোগিতা দেবে। রাত ৯টায় শুরু হয়ে বৈঠক চলে সোয়া ১১টা পর্যন্ত। বিএনপি চেয়ারপারসনের এক উপদেষ্টা কালের কণ্ঠকে জানান, কেন্দ্রীয়ভাবে বা স্থানীয়ভাবে জামায়াত কোনো যোগাযোগ করেনি।
তাই আজকের মধ্যে তারা কোনো সিদ্ধান্ত না জানালে বিএনপির প্রার্থীরা কোথাও তাদের ছাড় দেবে না। সভায় খালেদা জিয়া বলেছেন, তাঁরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে যাচ্ছেন। প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকার সঙ্গে। দলীয় নেতাদের তিনি সেইভাবে প্রস্তুতি নিতে বলেছেন। তিনি নির্দেশ দিয়ে বলেন, সংশ্লিষ্ট এলাকার সাবেক মন্ত্রী, এমপিসহ কেন্দ্রীয় নেতারা আজই এলাকায় চলে যাবেন। কেন্দ্রীয় কমিটির সঙ্গে যোগাযোগ রেখে দলের প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেবেন।
