রংপুরে নতুন জনপ্রতিনিধি বেছে নিতে ভোট দিচ্ছেন প্রায় চার লাখ ভোটার। নির্বাচন কর্মকর্তারা জানাচ্ছেন, রংপুর সিটি করপোরেশনের ১৯৩টি ভোটকেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৮টায় নির্ধারিত সময়েই ভোট শুরু হয়। এই ভোট চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত।
সকালে শীত উপেক্ষা করেই কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি দেখা যায়। সকাল থেকে কোথাও কোনো গোলোযোগের খবর পাওয়া যায়নি।
বছর শেষে স্থানীয় সরকারের এ বড় আসরে দলীয় প্রতীকেই ভোট হচ্ছে। প্রধান তিন দলের অংশগ্রহণে মেয়র পদে সাতজন এবং কাউন্সিলর পদে ২৭৬ জন প্রার্থী নিয়ে এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটের আভাস মিলছে।
ক্ষমতাসীন দল আওয়ামী লীগ যেমন জয়ের প্রত্যাশা করছে, তেমনি দলীয় চেয়ারপারসন এইচ এম এরশাদের শহরে জয়ের আশায় বুক বেঁধেছে জাতীয় পার্টিও। বিএনপি আশঙ্কা করছে ভোট কারচুপির।
পর্যবেক্ষকরা বলছেন, এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে সবাই। আর নির্বাচন কমিশন বলছে, এ নির্বাচনকে তারা মডেল নির্বাচন হিসেবে উপহার দিতে চায়। নির্বিঘ্ন ভোট করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
newssaradin.com/21st December 2017
