রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আব্দুল্লাহ (৩১) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে শিল্পাঞ্চলের বিজি প্রেস মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। তাঁদের রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের দাবি, আবদুল্লাহ ডাকাত দলের সদস্য ছিলেন। তিনি কিশোরগঞ্জের তাড়াইলের শামসুল ইসলামের ছেলে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, ওই এলাকায় একটি ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালালে একজন আহত হন।
পরে গুলিবিদ্ধ ওই যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
