বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিতে মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয় লিগ পর্বের তৃতীয় ও চতুর্থ দল। মাহমুদুল্লাহ রিয়াদের বরিশাল বুলসের বিপক্ষে সন্ধ্যা সাড়ে ৬টায় মাঠে নামে কুমার সাঙ্গাকারার ঢাকা ডায়নামাইটস। হাইভোল্টেজ এ ম্যাচে ১৮ রানের জয় তুলে রংপুরের বিপক্ষে খেলার টিকিট করে নিয়েছে বরিশাল বুলস।
শনিবার (১২ ডিসেম্বর) এলিমিনিটর ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক কুমার সাঙ্গাকারা। আগে ব্যাটিংয়ে নেমে গেইল-সাব্বির-মাহামুদুল্লাহর ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বরিশাল ১৩৫ রান সংগ্রহ করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ঢাকার ইনিংস শেষ হয় ১১৭ রানে।
বরিশাল ইনিংসের প্রথম ওভারেই ঢাকার আইকন নাসির হোসেনের বলে ম্যালকম ওয়ালারের তালুবন্দি হন ওপেনার রনি তালুকদার (৪)। তবে দ্বিতীয় উইকেট জুটিতে ৭০ রান তুলে রানের চাকা সচল রাখেন ক্রিস গেইল ও সাব্বির রহমান (৪১)। বরিশালের হয়ে নিজের সর্বশেষ ম্যাচের ঝড়ো ইনিংস (৯ ডিসেম্বর, চিটাগং ভাইকিংসের বিপক্ষে ৪৭ বলে অপরাজিত ৯২) পুনরাবৃত্তির ইঙ্গিতই দিচ্ছিলেন গেইল।
