ঢাকার খিলগাঁও এলাকা থেকে নিষিদ্ধ জঙ্গি দল জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের দুই সদস্যকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব। গ্রেপ্তার দুজন হলেন- আরিফ (৪১) ও রমিজউদ্দিন (৩৪)।
শনিবার রাতে ওই অভিযানে তাদের কাছে কিছু উগ্র মতবাদের বই পাওয়া গেছে বলেও জানিয়েছেন র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান। তিনি বলেন, গ্রেপ্তার দুজন জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের ‘সক্রিয় সদস্য’।
“এদের মধ্যে আরিফকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছিল। সে জঙ্গিদের কাছে গুরু পর্যায়ের। তাদের দুজনের বিরুদ্ধেই আইননুগ ব্যাবস্থা নেওয়া হবে।”
এর আগে গত ২০ ডিসেম্বর সায়েদাবাদ এলাকা থেকে মিজানুর রহমান এবং ইব্রাহিম শাহজাহান নামের জেএমবি সারোয়ার-তামিম গ্রুপের আরও দুই সদস্যকে গ্রেপ্তারের খবর দিয়েছিল র্যাব।
২০০৫ সালে দেশজুড়ে বোমা হামলা করে আলোচনায় আসা জঙ্গি সংগঠন জামায়তুল মুজাহিদীন বাংলাদেশ বা জেএমবিকে সরকার নিষিদ্ধ করার পর দলটির শীর্ষ নেতা শায়খ আব্দুর রহমান, সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইসহ শীর্ষ পর্যায়ের কয়েকজনের ফাঁসি হয়।
এরপরে কয়েক বছর সক্রিয়তা দেখা না গেলেও গতবছর গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলার পর ফের আলোচনায় আসে জেএমবি।
