ডেঙ্গুতে আরও মৃত্যু ৭ জনের দেশজুড়ে ডেঙ্গু ছড়িয়ে পড়ার পর হাসপাতালগুলোতে রোগী ভর্তির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে মৃত্যুর সংখ্যাও বাড়ছে।
সোমবার রাত থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অন্তত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
এদের মধ্যে ঢাকায় দুই নারী ও এক পুরুষ, দিনাজপুরে এক কিশোর এবং রংপুর ও চাঁদপুরে একজন করে শিশু রয়েছে।
ঢাকা
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসাধীন তিন জনের মৃত্যু হয়েছে বলে হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন।
এরা হলেন- ফরিদপুরের মোহাম্মদ কালামের ছেলে হাবিবুর রহমান (২১), মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেতুয়াধারা গ্রামের কৃষক আমজাদ মণ্ডল (৫২) ও চাঁদপুরের হাজীগঞ্জের আহমেদপুরের বাসিন্দা মনোয়ারা বেগম (৭২)।
হাবিবুর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩১ জুলাই ঢাকা মেডিকেলে ভর্তি হন। মঙ্গলবার বেলা ২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি বলেন, আমজাদ মণ্ডলকে সোমবার মধ্যরাতে হাসপাতালে আনা হয়। মঙ্গলবার সকাল পৌনে ৬টায় তার মৃত্যু হয়।
মৃতের ছোট ভাই রাশেদ মণ্ডল newssaradin.com কে বলেন, আমজাদ শুক্রবার জ্বরে আক্রান্ত হলে তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়।
আর বৃদ্ধা মনোয়ারা বেগম ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৩ অগাস্ট থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। মঙ্গলবার ভোর ৪টায় তার মৃত্যু হয় বলে সহকারী পরিচালক জানান।
এদিকে স্বামী-সন্তান নিয়ে দেশে বেড়াতে এসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে মারা যান ইতালি প্রবাসী হাফসা লিপি (৩৪)।
হাসপাতালের পরিচালক জসিমউদ্দিন খান newssaradin.com কে জানান, ওই নারী চার দিন ধরে সেখানে চিকিৎসাধীন ছিলেন। আইসিইউতে থাকা অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয়।
হাফসার স্বামী সর্দার আব্দুল সাত্তার তরুণ (৩৬) নিজেও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন।
দুই সন্তান অলি (১২) ও আয়ানকে (৬) নিয়ে সপ্তাহ তিনেক আগে দেশে এসে কলাবাগানে উঠেছিলেন তারা। তাদের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ থানার সর্দার বাড়ি।

