জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল টাইম ম্যাগাজিনের এবারের বর্ষসেরা ব্যক্তিত্ব হয়েছেন। ইউরোপে ঋণ সংকট এবং শরণার্থী ও অভিবাসী সমস্যা মোকাবিলা, ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপ বন্ধে নেতৃস্থানীয় ভূমিকা পালনের কারণে তাঁকে এ স্বীকৃতি দেওয়া হলো। খবর এএফপির
টাইম ম্যাগাজিনের সম্পাদক ন্যান্সি গিবস লিখেছেন, বেশির ভাগ রাজনীতিবিদ দেশের জন্য যে কাজগুলো করতে সাহস করেন না; তিনি তা করেছেন। জুলুমবাজ ও সুবিধাবাদীদের বিরুদ্ধে দাঁড়িয়ে দৃঢ় নৈতিক নেতৃত্ব দেখিয়েছেন। এ গুণগুলো এখানকার বিশ্বে বিরল।
আর এ কারণেই এবার টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব অ্যাঙ্গেলা মেরকেল। সম্পাদক ন্যান্সি গিবস আরও লিখেছেন, ঋণখেলাপি হয়ে ইউরোজোন থেকে গ্রিসের বেরিয়ে যাওয়া ঠেকিয়েছেন মেরকেল। সীমান্ত উন্মুক্ত করে তিনি অভিবাসী ও শরণার্থী সংকট মোকাবিলায় সাহস দেখিয়েছেন। সর্বশেষ প্যারিস হামলার পর ফ্রান্সের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সেনা মোতায়েন করেছেন তিনি।
