আওয়ামী লীগ যা বলে তা করে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়। আজ বিকাল সাড়ে তিনটার দিকে মুন্সিগঞ্জের লৌহজংয়ের খানবাড়ীতে এক জনসভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ডিসেম্বর মাস বিজয়ের মাস। এই মাসে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি।
আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। বঙ্গবন্ধু বলেছিলেন, বাঙালি জাতিকে দাবায় রাখা যাবে না। সে কথা সত্য হয়েছে। বাঙালিকে দাবায় রাখা যায়নি। আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। খাদ্যের জন্য বাংলাদেশকে অন্যের কাছে ভিক্ষা চাইতে হয় না, হাত পাততে হয় না। শেখ হাসিনা বলেন, ওয়াদা করেছিলাম যুদ্ধাপরাধীদের বিচার করব। আমরা তা করেছি।
বাকিদের বিচারকাজ চলছে। যত চেষ্টাই করুক, কেউ এই যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবে না। শেখ হাসিনা বলেন, কেউ গুনাহ করলে মৃত্যুর পর দোজখের আগুনে পুড়বে। বিএনপি-জামায়াত দেশের মানুষকে জীবন্ত আগুনে পুড়িয়েছে। এখন বলছে, নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। যারা এসব করেছে, তাদের বিরুদ্ধে মামলা হবে না তো কি ফুলের মালা গলায় দিয়ে পূজা করা হবে- এমন প্রশ্ন রাখেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, মানুষ পোড়ানোর জন্য যারা হুকুমদাতা, অর্থ সংস্থানকারী, পরিকল্পনাকারী-তাদের প্রত্যেকের বিচার এই বাংলার মাটিতে হবে। মানুষের জীবন নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেব না।
