জঙ্গি আস্তানার খোঁজে গাইবান্ধা সদরের দুর্গম চরাঞ্চলে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. আবদুল্লাহ ফারুক জানান, সদর উপজেলার কামারজানি ও মোল্লারচর এলাকায় বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তাদের এই অভিযান শুরু হয়।
“বর্ষার সময় পানি বাড়লে নৌ ডাকাতদের উৎপাত বাড়ে। তাছাড়া জঙ্গিদেরও নতুন করে মাথাচাড়া দেওয়ার চেষ্টা রয়েছে। এ কারণেই আমাদের এই বিশেষ অভিযান।”
থানা পুলিশের পাশাপাশি পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও গোয়েন্দা (ডিবি) শাখার সদস্যরাও এই অভিযানে অংশ নিচ্ছেন। নৌকা নিয়ে বিভিন্ন চর এলাকা ঘিরে ‘ব্লকরেইড’ চালাচ্ছেন তারা। সদর উপজেলায় একজন নৌ ডাকাতকে গ্রেপ্তার করা হলেও সকাল সাড়ে ১০টা পর্যন্ত কোনো জঙ্গি আস্তানার খোঁজ পাওয়া যায়নি বলে অতিরিক্ত পুলিশ সুপার জানান।
গাইবান্ধা সদরসহ তিন উপজেলার চরাঞ্চলে গত বছরও অভিযান চালিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী। তবে সে অভিযানে বড় কোনো সাফল্য মেলেনি।
