রাজধানীতে ছিনতাইয়ের ঘটনায় কেউ থানায় গিয়ে অভিযোগ না করলেও এখন থেকে ঘটনা জানতে পারলে পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেছেন, ছিনতাইয়ের একটি ঘটনাও যেন পুলিশের তদন্তের বাইরে না থাকে, সে নির্দেশনাও তিনি দিয়েছেন।
ঈদের ছুটির মধ্যে রাজধানীতে ছিনতাইকারীদের তৎপরতা নগরবাসীর মনে আতঙ্ক ছড়ায়। ছুটি থেকে ঢাকায় ফিরেই ছিনতাইকারীর ছুরিকাঘাতে প্রাণ হারান পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান। আর ঈদের রাতে হাতিরঝিলে ইনডিপেনডেন্ট টিভির সহকারী প্রযোজক রাকিবুল হাসান রানাকে ছুরি মেরে জিনিসপত্র নিয়ে যায় ছিনতাইকারীরা।
রাজধানীতে প্রতিদিন ছিনতাইয়ের আরও অনেক ঘটনা ঘটে; কিন্তু অধিকাংশ ক্ষেত্রে থানায় কোনো অভিযোগ করা হয় না বলে পুলিশ কর্মকর্তাদের ভাষ্য।
