তবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের অর্থ চুরির ঘটনাকে কেন্দ্র করে একটি বিতর্কিত বিজ্ঞাপন দিয়ে ফেঁসে গেছে সাইফুরস। তাদের বিরুদ্ধে মামলাসহ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এরই মধ্যে গত সোমবার রমনা থানায় এ বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছে মন্ত্রণালয়।
রিজার্ভের অর্থ চুরির ঘটনায় সাইফুরসের সাম্প্রতিক বিজ্ঞাপনে বলা হয়, ‘ইংলিশ এর ভুলে বাংলাদেশ ব্যাংকের ১৬০ কোটি টাকা হ্যাকারদের হাতছাড়া।’ একটি জাতীয় দৈনিকে বিজ্ঞাপনটি প্রকাশের পর শিক্ষাসচিব মো. সোহরাব হোসাইনকে সাইফুরসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেন শিক্ষামন্ত্রী।
মঙ্গলবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, গবেষক, হ্যাকার—সব এক মাপে নিয়ে এসেছে সাইফুরস কোচিং। তারা বলছে, আমার কাছে আসো, হ্যাকিং ভালো করে শিখে যাও! তিনি (সাইফুরস প্রধান) নাকি শিক্ষক ছিলেন। অথচ নিজে ব্যবসা করার জন্য ছেলেমেয়েদের প্রলোভন দেখাচ্ছেন।
প্রতিষ্ঠানটির প্রধানকে ‘চোরের রাজা’ আখ্যা দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘আর এই চোরের রাজা, যিনি চোরামি শেখাতে চান, তাঁর বিরুদ্ধে কী হবে, এ দেশের আইন কী বলে? আমরা শেষ পর্যন্ত দেখে ছাড়ব। কোচিং ব্যবসা হাইকোর্টের রায়ে বেআইনি। আর এই বেআইনি কাজ করেই সাইফুরস রমরমা ব্যবসা করছে।
newssaradin.com/২ই এপ্রিল ২০১৬
