সিলেটে কিশোর তারেক আহমদ (১৭) হত্যা মামলায় চাচাতো ভাই লিয়াকত আলীকে (২২) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে সিলেট জেলা দায়রা জজ মনির আহমদ পাটোয়ারী এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত লিয়াকত আলী সিলেটের বিয়ানীবাজার উপজেলার জালালনগর গ্রামের আরব আলীর ছেলে।
মামলার নথির বরাত দিয়ে আদালত সূত্র জানা যায়, ২০১৩ সালের ১৬ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়ির আঙ্গিনায় তারেককে কুপিয়ে গুরুতর জখম করেন লিয়াকত আলী। আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তারেকের।
এ ঘটনায় নিহত তারেকের মা আসমা বেগম বাদী হয়ে লিয়াকত আলী, তার মা তাহের বেগম ও আত্মীয় সোয়ারা বেগমকে আসামি করে বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
