খুলনা নগরের খালিশপুর এলাকায় গ্যাস সিলিন্ডারের আগুনে এক পুলিশ কনস্টেবল ও তাঁর পরিবারের তিনজন সদস্য দগ্ধ হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে মুজগুন্নি আবাসিক এলাকার একটি বাসায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধ ব্যক্তিরা হলেন- কনস্টেবল আতিয়ার রহমান (৪৫), তাঁর স্ত্রী আনোয়ারা খাতুন (৩৩), তাঁদের ছেলে তৌফিক (১৫) ও আতিয়ারের ভায়রার ছেলে শামীম (১৫)। আতিয়ার খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খালিশপুর থানায় চালক হিসেবে কর্মরত আছেন।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক শেখ ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আনোয়ারার শরীরের ৬০ শতাংশ, তৌফিকের ৭০ শতাংশ এবং অন্য দুজনের ১০ থেকে ২০ শতাংশ শরীর পুড়ে গেছে।

খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন প্রথম আলোকে জানান, গতকাল শুক্রবার রাতে গ্যাসের সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে রুমে গ্যাস ছড়িয়ে পড়ে। সকাল সাড়ে সাত​টার দিকে আনোয়ার খাতুন চুলা ধরাতে গেলে আগুন ধরে যায়। আতিয়ার তাঁর স্ত্রীকে উদ্ধারে এগিয়ে গেলে তিনিও দগ্ধ হন। তৌফিক ও শামীম তাঁদের উদ্ধার করতে গেলে তাঁরাও দগ্ধ হন।

এ সময় দগ্ধদের চিৎকারে আশপাশের বাড়ির লোকজন ছুটে গিয়ে তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন বলে জানান ওসি।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *