বেশি দামের স্মার্টফোনের বাজারে প্রতিযোগিতায় ক্রেতাদের আকর্ষণ করতে ‘দাম’ নিয়েই লড়াই করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। চীনভিত্তিক বাজার গবেষক প্যান জিওট্যাংয়ের মতে, গ্যালাক্সি এস ৭ স্মার্টফোনের দাম তুলনামূলকভাবে কম রাখবে স্যামসাং। এস ৬ এর চেয়ে এস ৭ এর দাম ১০ শতাংশ পর্যন্ত কম রাখতে পারে প্রতিষ্ঠানটি। এতে বাজারে অ্যাপল, এইচটিসি, সনি, এলজির মতো স্মার্টফোনের চেয়ে স্যামসাংয়ের ফ্ল্যাগশিফ স্মার্টফোনটির দাম কম পড়বে।
আনুষ্ঠানিকভাবে গ্যালাক্সি এস ৬ ও এস ৬ এজ বাজারে আনার পর এই দুটি ফোনের দাম কমিয়েছে স্যামসাং। বাজারে বিক্রি ধরে রাখতে এ সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। বর্তমানে অ্যাপল, শিয়াওমি, লেনোভোর মতো প্রতিষ্ঠানের সঙ্গে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে স্যামসাংকে।

বাজার বিশ্লেষকদের মতে, স্যামসাংয়ের গ্যালাক্সি এস ৭ বাজারে আসতে এখনো ২-৩ মাস বাকি। চূড়ান্ত দামে তাই পরিবর্তন আসার সম্ভাবনাও রয়েছে।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয়, আগামী বছরের জানুয়ারি মাসেই গ্যালাক্সি সিরিজে নতুন স্মার্টফোন উন্মুক্ত করতে পারে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। প্রতিদ্বন্দ্বী অ্যাপলের নতুন আইফোনের সঙ্গে প্রতিযোগিতা করতে গ্যালাক্সি এস ৭ স্মার্টফোন বাজারে ছাড়ার সময় কিছুটা এগিয়ে আনছে প্রতিষ্ঠানটি। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাতে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্যামসাং সাধারণত ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস নামের ট্রেড শোতে গ্যালাক্সি সিরিজের ফোন উন্মুক্ত করে থাকে। তবে গ্যালাক্সি নোট সিরিজের ফোন উন্মুক্ত করতে সেপ্টেম্বর মাসটিকে বেছে নেয় স্যামসাং। এ বছর আগস্ট মাসে গ্যালাক্সি নোট ৫ উন্মুক্ত করেছে প্রতিষ্ঠানটি।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *