ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থার খবরে উলফা নেতা অনুপ চেটিয়াকে ফেরত পাওয়ার কথা বলা হলেও বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, এ বিষয়ে “কিছু জানেন না”।
বুধবার অনুপ চেটিয়ার হস্তান্তরের খবর গণমাধ্যমে আসার পর মিরপুরে এক অনুষ্ঠানে এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন মন্ত্রী।
উলফা নেতাকে কখন হস্তান্তর করা হয়েছে জানতে চাইলে কামাল বলেন, “আমার কাছে কোনো তথ্য নাই।”
ভারতীয় কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যমে আসা খবরের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, “এ বিষয়ে আমি কিছু জানি না।”

১৯৯৭ সালের ২১ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুরের এক বাসা থেকে অনুপ চেটিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর অবৈধভাবে বাংলাদেশে অবস্থান এবং অবৈধভাবে বিদেশি মুদ্রা ও একটি স্যাটেলাইট ফোন রাখার তিন মামলায় তাকে যথাক্রমে তিন, চার ও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয় বাংলাদেশের আদালত।অনুপ চেটিয়ার সাজার মেয়াদ শেষ হয় ২০০৭ সালের ২৫ ফেব্রুয়ারি। ২০১২ সাল থেকে তিনি কাশিমপুর কারাগারে ছিলেন।বুধবার উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআইয়ের খবরে বলা হয়, বাংলাদেশ সরকার অনুপ চেটিয়াকে হস্তান্তর করেছে।
ভারতের পররাষ্ট্র দপ্তরের কযেকজন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও বিষয়টি নিশ্চিত করেন। তবে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
