ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি উড়ালসড়কে মোটরসাইকেল নিষিদ্ধ করেছে প্রশাসন। তাদের আশঙ্কা, ওই উড়ালপথে সেলফি তুলতে গিয়ে লোকজন দুর্ঘটনায় পড়তে পারে। তাই কর্তৃপক্ষ সেখানে সেলফি তুলতে সবাইকে মানা করে দিয়েছে।

 

সেমাংগি ইন্টারচেঞ্জ নামের ওই উড়ালসড়ক গত সপ্তাহে চালু হয়েছে। জাকার্তা পরিবহন সংস্থার একজন কর্মকর্তা বলেন, মোটরসাইকেল আরোহীদের নিরাপত্তার জন্যই এই নিষেধাজ্ঞা। এ ধরনের রাস্তায় সেলফি তোলাটা বেশ জনপ্রিয়। কাজেই কেউ কেউ শুধু সেলফি তোলার জন্যই এই উড়ালপথে যাওয়ার চেষ্টা করতে পারে।

একই কারণ দেখিয়ে সপ্তাহে এক দিন সেমাংগি উড়ালপথে মোটরগাড়ি নিষিদ্ধ করার প্রস্তাব এলেও জাকার্তার গভর্নর সাইফুল হিদায়াত সেটা বাতিল করে দিয়েছেন। তিনি বলেন, জায়গাটার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। লোকে সেলফি তুলতে গিয়ে সেখান থেকে নিচে পড়ে যেতে পারে। এ ধরনের দুর্ঘটনা এড়াতে হবে।

মুঠোফোনের ক্যামেরায় নিজেই নিজের ছবি তোলার নাম সেলফি। এ ধরনের ছবি তোলে সামাজিক যোগাযোগের অনলাইন মাধ্যমে প্রকাশ করার প্রচলন এখন বিশ্বজুড়ে। কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় সেলফি নিতে গিয়ে অনেকে মারাত্মক দুর্ঘটনায় পড়ছেন। যুক্তরাষ্ট্রের কার্নেগি মেলন ইউনিভার্সিটির একদল গবেষক জানিয়েছেন, দেশটিতে ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত সেলফি তোলার সময় দুর্ঘটনায় ১২৭ জন নিহত হয়েছেন। উঁচু স্থান থেকে পড়ে গিয়েই বেশির ভাগ লোকের মৃত্যু হয়।

অবশ্য ইন্দোনেশিয়ার সড়কপথে মানুষের মৃত্যুর একমাত্র কারণ সেলফি নয়। জাকার্তাসহ দেশটির বড় বড় শহরে যানবাহনের সংখ্যা বেড়েছে। সেখানে গত বছর রমজান মাসে যানজটে আটকা পড়া অবস্থায় শরীরে পানিশূন্যতায় অন্তত ১২ জনের মৃত্যু হয়।

newssaradin.com

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *