বরগুনা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর ছেলে ও জামাতাসহ ১১৪ জনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে মামলা হয়েছে।
বৃহস্পতিবার দ্রুত বিচার আইনে মামলাটি করেন ‘নৌকার সমর্থক’ এ বি এম জসীম।
আসামি করা হয়েছে বিদ্রোহী প্রার্থী মো. সাহাদাত হোসেনের ছেলে আল মামুন ও জামাতা আরিফ খানসহ ১১৪ জনকে।
মামলা গ্রহণ করে বরগুনা থানাকে এফআইআর রুজু করার আদেশ দিয়েছেন বলে জানান বরগুনার দ্রুত বিচার আদালতের বিচারক মো. আব্বাস উদ্দিন।
নিজেকে নৌকার সমর্থক দাবি করে এ বি এম জসীম বলেন, আসামিরা ১৪ ডিসেম্বর সন্ধ্যায় শহরের ক্রোক এলাকায় নৌকা প্রতীকের প্রচারণা চালানোর সময় ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় আসামিরা ত্রাস সৃষ্টি ও মারপিট করে।
“এছাড়া আসামিরা শহরের সোনিয়া সিনেমা হল সংলগ্ন এলাকায় অবস্থিত নৌকা প্রতীকের একটি ক্যাম্প, নৌকা প্রতীক, জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাঙচুর করেছে।”
অপরদিকে বিদ্রোহী প্রার্থী ও বর্তমান মেয়র মো. সাহাদাত হোসেন বলেন, “ঘটনার দিন ক্রোক এলাকায় আমার পথসভায় আওয়ামী লীগকর্মীরা হামলা চালিয়ে কমপক্ষে অর্ধশত কর্মী-সমর্থককে আহত করেছে। অথচ উল্টো আমার কর্মী-সমর্থকদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।”
তবে নৌকার প্রার্থী কামরুল আহসান মহারাজ ‘মামলার বিষয়ে আমার কিছু জানা নেই’ বলে দাবি করেছেন।
