রাজশাহীর দুর্গাপুরে জয়নগর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বাছাই অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় স্থানীয় সাংসদ কাজী আবদুল ওয়াদুদ ও উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলামের গাড়ি ভাঙচুর করা হয়। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
আহত লোকজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ বিকেলে জয়নগর ইউপি নির্বাচনের জন্য প্রার্থী বাছাই করতে উপজেলার রসুলপুর উচ্চবিদ্যালয় মাঠে বর্ধিত সভার আয়োজন করা হয়। ওই সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সাংসদ কাজী আবদুল ওয়াদুদ। সভা শুরু হওয়ার কিছুক্ষণ পর সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুল মজিদের নেতৃত্বে দেড়-দুই হাজার নেতা-কর্মী রসুলপুর মাঠে গিয়ে জড়ো হন।
এরপর মজিদের পক্ষের নেতা-কর্মীদের সঙ্গে সাংসদের পক্ষের নেতা-কর্মীদের বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সাংসদ আবদুল ওয়াদুদ ও উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলামের গাড়িও ভাঙচুর করা হয়। আহত হন অন্তত ৩০ জন। এরপর নেতা-কর্মীদের সহায়তায় সাংসদ এলাকা থেকে চলে যান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
newssaradin.com/২ ই এপ্রিল ২০১৬
