ঢাকার আশুলিয়ায় জামগড়া এলাকায় বিকাশের দুই কর্মীকে গুলি করে ১৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রোববার (০৪ সেপ্টেম্বর) দুপুরে আশুলিয়ার জামগড়ার বটতলা এলাকায় তাদের পায়ে গুলি করে টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
গুলিবিদ্ধ দুই বিকাশ কর্মী হলেন, সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাকাই গ্রামের নজরুল ইসলামের ছেলে শুভ (২৬) ও বগুড়ার লোকমান হোসেনের ছেলে জাহাঙ্গীর (৩০)। তাদের ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
শুভর মামা আদিল জানান, শুভ ও জাহাঙ্গীর বিকাশের এজেন্টদের কাছ থেকে টাকা তুলে মোটরসাইকেলে করে আশুলিয়ার বিকাশ অফিসে যাচ্ছিলেন। পথে বটতলা এলাকায় একদল দুর্বৃত্ত তাদের গতিরোধ করে দুজনেরই ডান পায়ে গুলি করে ১৫ লাখ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু কেন্দ্রে নিয়ে যায়। পরে সেখান থেকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া
ছিনতাইকারীদের ধরতে অভিযান চলছে।
