নববর্ষের ভাষণে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে বলা কিম জং উনের কথার উত্তরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, তার কাছে থাকা পারমাণবিক বোমার বোতাম ‘আরও বড়’,‘আরও মোটা’, ‘আরও শক্তিশালী’। মঙ্গলবার করা এক টুইটে ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরীয় নেতার ভাষণের এ প্রতিক্রিয়া জানান বলে খবর বিবিসির।
উত্তর কোরীয় ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের করা এ সর্বশেষ টুইটকে কিমের সঙ্গে তার দীর্ঘদিনের কথার লড়াই হিসেবেই দেখছেন পর্যবেক্ষকরা।
পিয়ংইয়ং এর একের পর এক পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার মধ্যে এর আগেও দুই নেতা একে অপরের বিরুদ্ধে বাক্যবাণ ছুড়েছেন, দিয়েছেন হুমকি।
সোমবার টেলিভিশনে দেওয়া খ্রিস্টীয় নববর্ষের ভাষণে কিম যুক্তরাষ্ট্রে ফের পারমাণবিক হামলার হুমকি দিয়ে বলেন, পারমাণবিক বোমা ছোড়ার একটি বোতাম সবসময় তার ডেস্কেই থাকে।
এর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেন, তার কাছেও পারমাণবিক বোমার বোতাম থাকে, আর তা কিমেরটার চেয়েও বড় এবং বেশি শক্তিশালী।
“ক্ষয়ে যাওয়া এবং খাদ্যের অভাবে অনাহারে থাকা (উত্তর কোরীয়) শাসনব্যবস্থার কেউ কি তাকে (কিম) দয়া করে বলবেন, আমারও একটি পারমাণবিক বোতাম আছে; এটি তার বোতামের চেয়ে অনেক বড় এবং বেশি শক্তিশালী। আমার বোতাম কাজও করে,” টুইটে বলেন মার্কিন প্রেসিডেন্ট।
বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক অস্ত্রধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টর আছে পারমাণবিক হামলার বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার তাৎক্ষণিক এখতিয়ার; কিমকে দেওয়া জবাবে ট্রাম্প সেদিকেই ইঙ্গিত করতে চেয়েছেন বলে মন্তব্য বিবিসির।
Source: BBC.com
News Desk: Newssaradin.com
