সাভারের আশুলিয়ায় চেকপোস্টে পুলিশ হত্যার পর বন্দরনগরীতে মাঠে দায়িত্বরত পুলিশ সদস্যদের আরও সতর্কভাবে কাজ করার নির্দেশ দিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। নগরীর বিভিন্ন চেকপোস্টে তল্লাশির ক্ষেত্রে এবং মাঠে দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে সিএমপি কর্তৃপক্ষ।
তল্লাশির ক্ষেত্রে পুলিশ সদস্যদের বুলেটপ্রুফ জ্যাকেট এবং হেলমেট পরিধান বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া আক্রান্ত হলে আতত্মরক্ষার্থে মাঠে দায়িত্বরত পুলিশ সদস্যরা গুলি ছুড়তে পারবে বলেও জানিয়ে দিয়েছেন সিএমপি’র শীর্ষ কর্মকর্তারা।
সিএমপি কমিশনার মোহা.আব্দুল জলিল মন্ডল বলেন, মাঠে দায়িত্ব পালনের জন্য যাবার আগে সাধারণত পুলিশ সদস্যদের এক ধরনের নির্দেশনা দিয়ে পাঠানো হয়। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। পরিবর্তিত পরিস্থিতিতে তাদের আরও সচেতনভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেয়া হয়েছে।
