একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
সোমবার দিবাগত রাত ৯টার দিকে পৌর সদরের বালক উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ২৩ দলীয় জোট ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগদান করেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক, পৌর কাউন্সিলর ইদন মিয়াসহ নেতাকর্মীরা।
পৌর বিএনপির সভাপতি হাজী আহমদ মিয়ার সভাপতিত্বে ও বিএনপি নেতা আব্দুল হক মিয়ার পরিচালনায় যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২৩ দলীয় জোট ও ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী।
এর আগে সোমবার বিকালে বিএনপির দলীয় কার্যালয়ে নাছির উদ্দিন চৌধুরীর হাতে ফুলের তোড়া উপহার দিয়ে উপজেলার ছাত্রলীগ থেকে ছেড়ে আসা বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী ছাত্রদলে যোগদান করেন।
এ সময় উপজেলা ছাত্রলীগ নেতা মিজান মিয়া, রায়হান মিয়া, আইয়ুব হোসেন, পৌর ছাত্রলীগ নেতা আলী হোসেন, আলিনুর মিয়া, মোস্তাকিন মিয়া, রফু মিয়া, সাদেক, মোতালিম প্রমুখ যোগদানকারীদের মধ্যে উপস্থিত ছিলেন।
