সরকারি চাকরির কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সহমত জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, সরকার যত দ্রুত এ বিষয়ে সিদ্ধান্ত দেবে, ততই মঙ্গল।
কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের চতুর্থ দিন বুধবার ঢাকাসহ সারা দেশে বিক্ষোভের মধ্যে নিজের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে উপাচর্যের এ বক্তব্য আসে।
অধ্যাপক আখতারুজ্জামান বলেন, কোটা সংস্কারে যত দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য তিনি সরকারের উচ্চ পর্যায়ে ‘জোর দাবি’ জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং শিক্ষকরাও শিক্ষার্থীদের ‘ন্যায্য দাবিতে’ সংহতি জানিয়েছে।
“আমাদের ছেলেরা রাস্তায়। আমি কোটা সংস্কারের প্রতি সংহতি জানাচ্ছি। সরকারকে আমি দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি, যাতে শিক্ষার্থীরা স্বাভাবিক জীবনে ফিরে আসে।”
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রোববার রাতভর আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের পর সোমবার সচিবালয়ে সমঝোতা বৈঠকে ৭ মের মধ্যে কোটা ব্যবস্থা পরীক্ষা-নিরীক্ষা করে সিদ্ধান্ত জানানোর প্রতিশ্রুতি দেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ওই প্রতিশ্রুতিতে শিক্ষার্থী প্রতিনিধিরা ৭ মে পর্যন্ত আন্দোলন স্থগিতের ঘোষণা দিলে সাময়িক বিভক্তি তৈরি হয়। পরে মঙ্গলবার সন্ধ্যায় আন্দোলনকারীদের প্ল্যাটফরম ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ আবারও একসঙ্গে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
newssaradin.com
