রিয়াল মাদ্রিদ জিতলে তো শিরোপা লড়াইয়ে ফিরবে সামান্যই। বার্সেলোনা তো তাতে পিছিয়ে পড়বে না। হয়তো ব্যবধান কমবে। কিন্তু এটা এমন এক লড়াই যেখানে এতকিছু ভাবার অবসর নেই। এখানে দুটি দলই কেবল জয় চায়। এটা নৈপুণ্যের শিল্পিত লড়াই। গোটা ফুটবল বিশ্ব তাই এই লড়াইয়ের দিকে তাকিয়ে থাকে। যেমন থাকবে শনিবার। বার্সার মাঠ নু ক্যাম্পে জমবে লড়াই।

স্পেনের আজন্ম শত্রু এই দুই দলের ২৩১তম লড়াই এটি। আসলে ২৩২তম। কিন্তু ১৯০২ সালের কোপা দে লা কোরোনাসিওন ম্যাচটার আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়না স্প্যানিশ ফুটবল ফেডারেশন। ওই ম্যাচে বার্সা ৩-১ গোলে জিতেছিল। এখন লিগে পয়েন্ট টেবিলে শীর্ষে কাতালানরা। ১০ পয়েন্টের ব্যবধান রিয়ালের সাথে। রিয়াল তৃতীয়। লিগের শেষ দিক। শিরোপার দিকে ছুটে চলেছে হারতে ভুলে যাওয়া বার্সেলোনা। শেষবার হেরেছিল গত অক্টোবরে। তারপর রেকর্ড ৩৯ ম্যাচে অপরাজিত। কিন্তু তাতে দমে যাওয়ার পাত্র না রিয়াল। গত নভেম্বরে তাদের মাঠ সান্তিয়াগো বার্নাবুতে এসে ৪-০ গোলের হারের লজ্জা দিয়ে গেছে বার্সেলোনা। প্রতিশোধ নিতে চায় রিয়াল।

জানুয়ারিতে ফরাসী ও রিয়াল গ্রেট জিনেদিন জিদান দায়িত্ব নিয়েছেন রিয়ালের। সেই থেকে ১৪ ম্যাচের ১১টিতে জিতেছে তারা। বড় বড় জয় আছে তাদের। কিন্তু বার্সা তো স্প্যানিশ লিগ, কোপা দেল রে ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার ট্রেবল টানা দ্বিতীয় বছর জিততে ছুটছে। তবে এল ক্ল্যাসিকো এমন এক ম্যাচ যেখানে মাঠের লড়াইয়ের ৯০ মিনিটে কি হতে পারে তা কেউ জানে না। সব হিসেব নিকেশ পাল্টে যায় এই লড়াইয়ে।

এর আগে ২৩০ বার দেখা হয়েছে তাদের। রিয়াল ৯২ ম্যাচে জিতে এগিয়ে। বার্সেলোনা জিতেছে ৯০টিতে। লা লিগার মুখোমুখি দেখায়ও পরিসংখ্যানটা এমনই। ১৭১ ম্যাচের ৭১টি জিতেছে রিয়াল। বার্সেলোনার জয় ৬৮টিতে।

বার্সেলোনার প্রাণ শক্তি লিওনেল মেসি, লুই সুয়ারেস ও নেইমার। সংক্ষেপে এমএসএন। রিয়ালের আক্রমণের শক্তি গ্যারেথ বেল, করিম বেনজিমা ও ক্রিস্তিয়ানো রোনালদো। সংক্ষেপে বিবিসি। তো এই দুই ত্রয়ী তাদের দলের ভাগ্য অধিকাংশ সময় নির্ধারণ করে দেয়। এল ক্ল্যাসিকোতেও এই ছয়ের লড়াইয়ের দিকে চোখ থাকবে সবার। এমএসএন এবারের মৌসুমে গোল করেছে ৬৯টি। অ্যাসিস্ট করেছে ৩২টিতে। আর বিবিসি গোল করেছে ৬৩টি। অ্যাসিস্ট করেছে ২১টিতে। লড়াইয়ের ভেতরে মূল লড়াই তো এখানেই জমার কথা।

newssaradin.com/১ ই এপ্রিল ২০১৬

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *