বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৩ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপপরিদর্শক (এসআই) জালালউদ্দিন বলেন, পল্টন থানায় করা এই মামলার তদন্তকারী কর্মকর্তা মমিনুল ইসলাম অভিযোগপত্র জমা দেন।
ফখরুল ছাড়া এই মামলায় যাঁদের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, উপদেষ্টা শামসুজ্জামান দুদু, আব্দুল আউয়াল মিন্টু, বিএনপি নেতা শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, বরকতউল্লাহ বুলু, খায়রুল কবির খোকন, হাবিবুন্নবী খান সোহেল, শিমুল বিশ্বাস।
এই মামলায় বরকতউল্লাহ বুলুসহ ২০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত বছরের ৬ জানুয়ারি রাজধানীর পল্টন থানা এলাকায় একটি বিআরটিসি বাসে আগুন দেওয়ার ঘটনায় এই মামলা হয়। এ ঘটনায় বাসের চালক মিল্টন বিশ্বাস বাদী হয়ে মামলা করেন।
newssaradin.com/২১ মার্চ ২০১৬
