কাদশ সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি সিদ্ধান্ত পাল্টেছে, বুধবারই শপথ নিতে সংসদে যাচ্ছেন তাদের নব নির্বাচিত এমপিরা।
মঙ্গলবার রাতে পার্টির দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আগামীকাল শপথ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত সংসদ সদস্যবৃন্দ। পূর্ব ঘোষিত বৃহস্পতিবারের সভা বাতিল করা হয়েছে।
“আগামীকাল সকাল ১০টার মধ্যে জাতীয় সংসদ ভবনে বিরোধী দলীয় উপনেতার কার্যালয়ে জাতীয় পার্টির নবনির্বাচিত সকল সংসদ সদস্যকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।”
দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু এর আগে বলেছিলেন, বুধবার তারা শপথ নিচ্ছেন না। বৃহস্পতিবার বৈঠক ডাকা হয়েছে, সেদিন আলোচনা করে শপথের বিষয়টি ঠিক করা হবে।
জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরসহ দলের নির্বাচিত সংসদ সদস্যদের অনেকে এখনও ঢাকার বাইরে। ঢাকায় ফিরে বৃহস্পতিবার বেলা ১১টায় সংসদ ভবনে সংসদ উপনেতার চেম্বারে তাদের বৈঠকে অংশ নেওয়ার কথা তখন বলেছিলেন চুন্নু।
বুধবার সকাল ১০টায় জাতীয় সংসদের শপথকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। একাদশ সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী নতুন এমপিদের শপথ পড়াবেন। পরদিন বৃহস্পতিবার হবে মন্ত্রিসভার শপথ।
সংসদের ৩০০ আসনের মধ্যে রোববার ভোট হয়েছে ২৯৯ আসনে। এর মধ্যে একটি কেন্দ্রে ফল স্থগিত থাকায় ময়মনসিংহের একটি আসনের ফলাফল আটকে আছে। ২৯৮টি আসনের মধ্যে ২২২টি জিতে নিয়ে টানা চতুর্থবার সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।
