‘লিডার’ চলচ্চিত্রের শুটিং শুরুর আগেই নেতার বেশে দেখা মিলল ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানকে।
শুক্রবার বিকালে ইনস্টাগ্রামে ছবির ‘ফার্স্ট লুক’ প্রকাশ করেছেন এ অভিনেতা; এতে শ্যেনদৃষ্টির একজন প্রতিবাদী নেতার ভূমিকায় দেখা গেছে তাকে। বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের প্রযোজনায় ছবিটি নির্মাণ করছেন তরুণ পরিচালক তপু খান।
চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি রাজধানীর তেজগাঁও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে ছবির ঘোষণা দেওয়া হয়। এতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন বুবলী।
ছবিটি নিয়ে শাকিব খান বলেন, “এটি সামাজিক সচেতনতার ছবি। প্রত্যেকটা মানুষই লিডার। প্রত্যেকটা মানুষ চেষ্টা করে কতটা সুন্দর করে দেশটাকে এগিয়ে নেওয়া যেতে পারে। এই ছবিটা দেশের প্রত্যেকটা তরুণকে জাগাবে। তরুণরা বলবে, ‘আমিই বাংলাদেশ’।”
এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া লিমিটেডের পরিচালক সৈয়দ আশিক রহমান জানান, চলতি মাসের ৭ তারিখে শুটিংয়ের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয় কিন্তু করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সবার স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে শুটিং শুরু করা হয়নি।
“করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমলেই আমরা শুটিংয়ে নামব। শাকিব খান ও বুবলীও সেভাবেই নিজেদের লুক প্রস্তুত করেছেন। আমাদের টার্গেট থাকবে, একটানা ৩০দিন শুটিং করার। বাকিটা পরিস্থিতির উপর নির্ভর করছে।”
