আবারও চড়া পেঁয়াজ-রসুনের বাজার । শুক্রবার কারওয়ান বাজারে প্রতিকেজি দেশি ও ভারতীয় পেঁয়াজ ৪২ থেকে ৫০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। আগের সপ্তাহে প্রতিকেজি ৩৬ টাকা থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছিল।
পেঁয়াজ বিক্রেতা মোহাম্মদ মোশাররফ বললেন, প্রতি বছর মে মাসের শুরুতেই পেঁয়াজের দাম বাড়তে শুরু করে। এবার রোজা ও লকডাউনে চাহিদা কম ছিল। ঈদের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে, দামও বাড়তে শুরু করেছে।
“কৃষকের হাতে থাকা পেঁয়াজ শেষ হওয়ার পর এখন সংরক্ষণে থাকা পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। এই পরিস্থিতিতে পেঁয়াজের দাম প্রতিকেজি ৫০ টাকাও হয়ে যেতে পারে। বছরের বাকি সময়টায় ওই দামই থাকবে।”
গত এক সপ্তাহে চীন থেকে আমদানি রসুনের দাম কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৩০ টাকায়। অবশ্য দেশি রসুন আগের মতই প্রতিকেজি ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
কারওয়ান বাজারে কেনাকাটা করতে আসা জোবায়ের মিলন বললেন “তেল, চিনির দাম অনেক আগে থেকেই বাড়তি। এখন পেঁয়াজ রসুনের দাম বাড়তে শুরু করেছে। কয়দিন পর হয়তো শুনবেন আদা, হলুদ, মরিচের দাম বেড়ে গেছে।”
জিনিসপত্রের দাম সব সময় বাড়তেই থাকে মন্তব্য করে তিনি বলেন, “মাছ-মাংস, সবজির দাম কমেছে। পাশাপাশি নতুন মওসুমে চালের দাম কমায় ক্রেতাদের কিছুটা স্বস্তি দিলেও অন্যান্য জিনিসপত্রের দাম বেড়েই যাচ্ছে।”
