রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে ধানমণ্ডি-নিউমার্কেট-আজিমপুর রুটে সার্কুলার বাস সার্ভিস চালু করা হয়েছে। আজ বুধবার (২৭ মার্চ) কলাবাগান এলাকা থেকে সার্কুলার বাস সার্ভিসের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

এ সময় উপস্থিত ছিলেন – ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মশিয়ার রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান ফরিদ আহমেদ ভূঁইয়া প্রমুখ।

মেয়র সাঈদ খোকন বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী গঠিত কমিটি কাজ করছে। সেই কাজের অংশ হিসেবে আমরা এই চক্রাকার বাস সার্ভিসটি চালু করেছি। এর মাধ্যমে আমরা আশা করি এই এলাকায় যানজট কমবে।

জানা গেছে, সরকার নিয়ন্ত্রিত পরিবহন সংস্থা বিআরটিসির শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) সার্ভিস ব্যবস্থার মধ্য দিয়ে এই রুটে অন্যান্য পরিবহন সরিয়ে নেওয়া হবে।

প্রথম অবস্থায় বিআরটিসির ২০-২৫টি বাস চালু থাকবে। পরবর্তীতে প্রয়োজনীয়তা দেখা দিলে বাসের সংখ্যা বাড়তে পারে। বিআরটিসি নির্ধারিত ভাড়ায় বাসগুলো চলবে। সার্কুলার বাসের জন্য ৩৬টি স্টপেজ থাকবে। প্রতি ৫ মিনিট পর পর নির্দিষ্ট কাউন্টারে বাসগুলো উপস্থিত হয়ে যাত্রী যত জনই  থাকুক ৫ মিনিটেই বাসটি কাউন্টার ছেড়ে যাবে। সর্বনিম্ন ভাড়া হবে ১০ টাকা। সর্বোচ্চ ভাড়া হবে ৩০ টাকা।

সার্কুলার বাস সার্ভিসগুলো আজিমপুর হয়ে নিউমার্কেট-সাইন্সল্যাব-ধানমন্ডি ২নং রোড-সাত মসজিদ রোড-ধানমন্ডি ২৭-সোবহানবাগ-রাসেল স্কয়ার-কলাবাগান-ধানমন্ডি ৬নং রোড – ৩নং রোড-সাইন্সল্যাব-নিউমার্কেট-আজিমপুর-পলাশী-নীলক্ষেত-কাঁটাবন-বাটা ক্রসিং-সাইন্সল্যাব-ধানমন্ডি ২ নং রোড হয়ে সাত মসজিদ রোডে চলাচল করবে।

অন্যদিকে সোবহানবাগ হয়ে রাসেল স্কয়ার দিয়ে কলাবাগান-ধানমন্ডি ৬ নং রোড ক্রসিং- ৩ নং রোড ক্রসিং-সাইন্সল্যাব-বাটাক্রসিং-কাটাবন-নীলক্ষেত-পলাশী-আজিমপুর-নিউমার্কেট-সাইন্সল্যাব-৩নং রোড-৬নং রোড ক্রসিং-কলাবাগান-সোবহানবাগ-ধানমন্ডি ২৭ নং রোড পূর্ব মাথা-সাত মসজিদ রোড-বিজিবি-ধানমন্ডি ২ নং রোড-৩নং রোড ইউটার্ণ-সাইন্সল্যাব-বাটা ক্রসিং-কাটাবন-নীলক্ষেত-পলাশী-আজিমপুর-নিউমার্কেট।

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *