আগামী সংসদ নির্বাচনে ছয়টি আসনে সম্পূর্ণ ভোট ইভিএমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
শনিবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্যান্য কমিশনারদের উপস্থিতিতে কমিশন সভার পর নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন।
বিএনপিসহ অধিকাংশ দলের বিরোধিতার মধ্যেই একাদশ সংসদ নির্বাচনে ছয়টি আসনে পূর্ণাঙ্গ ভোট ইভিএমে নেওয়ার সিদ্ধান্ত নিলেও ৩০০টি আসনের কোন ছয়টিতে, তা এখনও ঠিক হয়নি।
ইসি সচিব জানিয়েছেন, আগামী ২৮ নভেম্বর এই আসনগুলো ঠিক করা হবে।
“দ্বৈবচয়নের ভিত্তিতে আসন ছয়টি বাছাই করা হবে এবং সিটি করপোরেশন ও শহরাঞ্চলের এলাকাগুলোতে পূর্ণ আসনে ইভিএম ব্যবহার করা হবে।”
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, মোট ৪০ হাজারটির মধ্যে ৯০০টির মতো কেন্দ্রে যন্ত্রে ভোট গ্রহণ হবে, অর্থাৎ সেগুলোতে কোনো ব্যালট পেপার থাকবে না।
কতটি কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হবে- জানতে চাইলে হেলালুদ্দীন বলেন, “এভারেজে যদি শহর এলাকায় ১৫০টি কেন্দ্রে (প্রতি আসনে) হয়, তাহলে প্রায় ৯০০টি কেন্দ্র।”
এর চেয়ে বেশি কেন্দ্রে ব্যবহারের সক্ষমতা ছিল কি না- প্রশ্ন করলে তিনি বলেন, “স্টাফ, কেন্দ্রের সক্ষমতাসহ সকল কিছু বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সবগুলো সিটি করপোরেশন থেকে দ্বৈচয়নের ভিত্তিতে বাছাই করা হবে।”
তফসিল ঘোষণার সময় সিইসি কে এম নূরুল হুদা বলেছিলেন, শহরাঞ্চলে ‘অল্প’ কয়েকটি কেন্দ্রে ইভিএম বা ইলেকট্রনিক ভোটিং মেশিন ব্যবহার হবে।
শুক্রবারের এক অনুষ্ঠানেও তিনি বলেছিলেন, “আমরা ইভিএম পরীক্ষামূলকভাবে ব্যবহার করব। একেবারে সীমিত আকারে ব্যবহার করতে হবে। অথবা কয়েকটি আসনের কিছু সংখ্যক কেন্দ্রে ইভিএম ব্যবহার হবে।”
তবে শেষ পর্যন্ত দৃশ্যত বড় পরিসরেই ইভিএম ব্যবহারের সিদ্ধান্ত নিল ইসি।
